এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন মহসিন

৩ জানুয়ারি, ২০২২ ০৭:২৯  
বন্যার কবল হতে ফসলের ক্ষতি হ্রাস, যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে হাওড় অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন গুরুত্বপূর্ন অবদান রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন। রবিবার থেকে প্রধান প্রৌকশলী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিট, শাখার দায়িত্ব পালনকারী এই প্রকৌশলী। এর আগে এই পদে দায়িত্ব পালন করছিলেন এলজিইডির জ্যেষ্ঠ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রিয়াসাত আল ওয়াসিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এই নিয়োগ দেয়ার কথা জানানো হয়। মোহাম্মদ মহসিন ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার শেখতোলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ খ্রিস্টাব্দে তৎকালীন বাংলাদেশ ইনিস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), চট্টগ্রাম (বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক সম্মান, ১৯৯৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে (জিও টেকনিক্যাল ও ফাউন্ডেশন) স্নাতকোত্তর এবং ২০০২ খ্রিস্টাব্দে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালের ২৬ সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী হিসেবে তৎকালীন এলজিইবিতে যোগদান করেন। ৩৩ বছরেরও অধিককালের কর্মজীবনে তিনি উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার সুযোগ্য পুত্র সেখ মোহাম্মদ মাশরুর বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যালয়ের সিভিল ইনিঞ্জনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।